প্রথম বাজেটেই একাধিক বড় ঘোষণা স্বপন দাশগুপ্তের, ডিএ থেকে অন্নপূর্ণায় ৩৬ হাজার কোটি বরাদ্দ

22 Jun 2026
09:16 AM

নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক - আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি থেকে শুরু করে সামাজিক প্রকল্প, শিক্ষা, নারীকল্যাণ এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মৃতি রক্ষায় একাধিক বড় ঘোষণা করা হয়েছে এদিনের বাজেটে।

সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে সরকারি কর্মচারী ও পুলিশ কর্মীদের জন্য অতিরিক্ত ডিএ বৃদ্ধির কথা জানান অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত কর্মচারীদের জন্য এই ঘোষণা কিছুটা স্বস্তির বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একইসঙ্গে রাজ্যের গরিব ও নিম্নবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে “অন্নপূর্ণা যোজনা”-র বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এই প্রকল্পে মোট ৩৬ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দের ঘোষণা করা হয়। সরকারের দাবি, এর ফলে লক্ষ লক্ষ পরিবার সরাসরি উপকৃত হবে।

নারীশিক্ষা ও মহিলাদের আর্থিক স্বনির্ভরতার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে বাজেটে। উচ্চশিক্ষায় ছাত্রীদের উৎসাহিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

এদিনের বাজেটে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জনসংঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি-র জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হুগলির জিরাটে তাঁর স্মৃতিতে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের কথাও জানানো হয়। তাঁর পৈত্রিক বাড়ির সংস্কার, স্মৃতি উদ্যান, পার্ক এবং গ্রন্থাগার তৈরির পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

বিধানসভায় বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ২৪ ও ২৫ তারিখ রাজ্য বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেই আলোচনার শেষে জবাবি ভাষণ দেবেন অর্থমন্ত্রী।

বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদল এই বাজেটকে “উন্নয়নমুখী ও জনকল্যাণমূলক” বলে দাবি করলেও বিরোধীদের অভিযোগ, বাস্তবায়নই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে রাজনৈতিক বিতর্কের মাঝেও সাধারণ মানুষের নজর এখন ঘোষিত প্রকল্প ও প্রতিশ্রুতিগুলির বাস্তব রূপায়ণের দিকে।