নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানা শিরাকোল মোড়ে তৎকালীন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় বড়সড় পদক্ষেপ করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে উস্থি থানা মগরাহাট-১ নম্বর ব্লকের একতারা অঞ্চলের প্রধান প্রীতি মণ্ডলের স্বামী সন্দীপ মণ্ডল ও তৃণমূল নেতা রিপন শেখকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে পুলিশ। ডায়মন্ড হারবার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, উস্থি থানা শিরাকোল মোড়ে জে.পি. নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় সন্দীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাশাপাশি এলাকায় বাইক নিয়ে তাণ্ডব চালানো এবং বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে বেআইনি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের পর সন্দীপ মণ্ডলকে আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে তাঁকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার সঙ্গে তাঁর যোগ এবং অস্ত্র সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
উস্তি থানায় আয়োজিত সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি জানান ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন। তাঁর দাবি, বেআইনি অস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের ফলে এলাকায় মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক অনেকটাই কমেছে।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার, এসডিপিও বিজয় যাদব, মগরাহাটের সিআই সাবউদ্দিন মণ্ডল এবং উস্তি থানার ওসি রাহুল কুমার।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য বিষয় এবং অভিযুক্তের বিরুদ্ধে থাকা অভিযোগগুলিও তদন্ত করে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী কয়েক দিন পুলিশ হেফাজতেই থাকবেন সন্দীপ মণ্ডল।