Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রাজ্য ও জেলা বিজেপিতে সাংগঠনিক রদবদলের জল্পনা, পদ পাওয়ার দৌড়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নেতারা   •   সারা পশ্চিমবঙ্গকে ডেঙ্গিমুক্ত করার শপথ, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের   •   সমুদ্রতলের কেবলের ওপর নির্ভরশীলতা, বড় ডিজিটাল ঝুঁকির মুখে ভারত   •   তরুণদের কণ্ঠস্বর দমন করা হয়েছিল’, CPI(M)-কে নিশানা শমীক ভট্টাচার্যের   •   পুজো ও বিসর্জনে ডিজে নিষিদ্ধ, কড়া বার্তা শুভেন্দু অধিকারীর   •   ভেজাল ব্যবসার বিরুদ্ধে কড়া বার্তা দেবজিৎ সরকারের, দুর্নীতির মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগ, বাখরাহাট ফাঁড়িতে উত্তেজনা

08 Sep 2026
02:31 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: পুলিশের হেফাজতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাখরাহাট ফাঁড়ি এলাকায়। ঘটনাকে ঘিরে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট বাখরাহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও মৃতের পরিবারের সদস্যরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাখরাহাট ফাঁড়ির অন্তর্গত জয়চণ্ডীপুর গ্রামে রাস্তা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পালান রায় ও বিজয় সিংহ নামে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, পরবর্তীতে দু’জনের মধ্যে হাতাহাতিও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকেই বাখরাহাট ফাঁড়িতে নিয়ে আসে।

পুলিশ সূত্রের দাবি, ফাঁড়িতে নিয়ে আসার পর পালান রায় অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ গাড়িতে করে তাঁকে মোচিসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই রাস্তায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের তরফে আরও জানা গিয়েছে, মৃত পালান রায় এবং অভিযোগকারী বিজয় সিংহ—দু’জনেরই মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, প্রায় তিন বছর আগে পালান রায়ের বুকে স্টেন্ট বসানো হয়েছিল।

অন্যদিকে, মৃতের পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাকালীনই পালান রায়ের মৃত্যু হয়েছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হল, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

ঘটনার পর তদন্তের স্বার্থে বাখরাহাট ফাঁড়ির সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহ আপাতত বাখরাহাট ফাঁড়ি চত্বরে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

news home ads