নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত জারি করা হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে ওই এলাকায় কোনও ধরনের জমায়েত, মিছিল বা রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
সূত্রের খবর, ভিক্টোরিয়া হাউসের সামনেই একটি রাজনৈতিক অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতেই ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ের জন্য ওই এলাকায় কোনও রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না।
প্রশাসনিক সূত্রে দাবি, ধর্মতলা শহরের অন্যতম ব্যস্ত এলাকা হওয়ায় বড় জমায়েত বা মঞ্চ কর্মসূচির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। সেই কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের একাংশের দাবি, রাজনৈতিক কর্মসূচি আটকাতেই প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। যদিও প্রশাসনের বক্তব্য, সম্পূর্ণ আইন-শৃঙ্খলা ও জনস্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন নজর, তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি বা প্রশাসনিকভাবে কোনও পদক্ষেপ নেয় কি না।