নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে টালিগঞ্জে তাঁর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। মহানায়কের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের হারানো গৌরব ফিরিয়ে আনার বার্তাও উঠে এল তাঁর বক্তব্যে।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের কর্মসূচির সঙ্গে তাঁদের কিছুটা ভিন্নমত রয়েছে। তাঁর মতে, উত্তম কুমারের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা ও স্মরণের দিন হিসেবে পালন করা উচিত এবং তাঁর জন্মদিনকে উৎসবের আবহে উদযাপন করা উচিত।
মুখ্যমন্ত্রীর কথায়, “বিগত সরকার প্রয়াণ দিবসকে উৎসব দিবস করত। আমরা ঠিক করেছি, প্রয়াণ দিবসের স্মরণ করব, শ্রদ্ধাঞ্জলি দেব। আর জন্মদিনটাকে উৎসবের মতো পালন করব। এটা হওয়া উচিত।”
বাংলা চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, একসময় চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ নেতৃত্বের জায়গায় ছিল। কিন্তু বর্তমানে দক্ষিণ ভারত এবং মুম্বই তথা পশ্চিম ভারতের চলচ্চিত্র শিল্প অনেকটাই এগিয়ে গিয়েছে।
তিনি বলেন, “আমাদের শিল্পের আগের যে জায়গা ছিল, সেটা বাস্তব। অস্বীকার করার উপায় নেই। আমরা খুব পিছিয়ে আছি। দক্ষিণ ভারত বা মুম্বই, পশ্চিম ভারত—তারা অনেকটা এগিয়ে গেছে।”
একইসঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্পের পুরনো গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, একসময় এই প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গই নেতৃত্ব দিয়েছিল। সেই হারানো নেতৃত্ব ও গৌরব পুনরুদ্ধার করাই এখন লক্ষ্য হওয়া উচিত।
মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলা চলচ্চিত্র শিল্পকে ফের দেশের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ও এদিনের অনুষ্ঠানে উঠে আসে।