লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগ, স্বচ্ছতার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
- ফ্যাক্ট ফাইল | Jun 17, 2026
নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার ফতেপুরে আয়োজিত জনকল্যাণ শিবির থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারের এই কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি বলেন, রাজ্যে সরকারি প্রকল্পগুলিকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসার পর এবার প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টেই সরাসরি টাকা পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত প্রাপকেরাই পান, সেই বিষয়টি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনও ভুয়ো নাম বা বেআইনি উপায়ে সুবিধা নেওয়া বরদাস্ত করা হবে না।” পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি।

এদিন জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সরকারি পরিষেবা, সামাজিক সুরক্ষা প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা ও নাগরিক সুবিধা নিয়ে বহু মানুষ শিবিরে আসেন। মুখ্যমন্ত্রী নিজে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্রশাসনিক আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।
ফতেপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “ফলতায় এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে আর শাসকের আইন চলবে না, চলবে সংবিধান ও প্রশাসনের আইন।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের উদ্দেশ্যেও তিনি কড়া বার্তা দেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পাণ্ডা সহ স্থানীয় নেতৃত্ব। তাঁরা জনকল্যাণ শিবিরে আসা সাধারণ মানুষের সমস্যা ও আবেদন শোনেন।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেন, “পশ্চিমবঙ্গে এমন কোনও এলাকা নেই যেখানে উন্নয়নের কথা ভাবা হয়নি। শহর থেকে গ্রাম— প্রতিটি জায়গাতেই উন্নয়ন পৌঁছে দিতে সরকার কাজ করছে।” রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল ও সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রসঙ্গ তুলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তিনি।
জনকল্যাণ শিবির ঘিরে এদিন এলাকায় ছিল উৎসবের আবহ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি আরও জোরদার করা হবে।
