বাসন্তীতে জনকল্যাণ শিবির, সামাজিক সুরক্ষা থেকে নাগরিক পরিষেবা—এক ছাদের তলায় সব সুবিধা
- পঞ্চায়েতের পাঁচ কাহন | Jun 16, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের এসটি জেভিয়ার্স স্কুল প্রাঙ্গণে আয়োজিত হল জনকল্যাণ শিবির। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প ও নাগরিক পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই শিবিরের আয়োজন করা হয়। “আপনার সরকার আপনার পাশে” কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
শিবিরে উপস্থিত সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র যাচাই, আবেদন জমা এবং সংশোধনের সুযোগ পান। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, কৃষক সহায়তা, জাতিগত শংসাপত্র, আবাসন প্রকল্প সহ একাধিক পরিষেবা নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। ফলে দূরদূরান্তে সরকারি দপ্তরে ঘোরাঘুরি না করেই এক ছাদের তলায় বহু পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।
.jpeg)
এদিন গোটা শিবিরের তদারকি করেন বাসন্তী ব্লকের বিজেপি কনভেনার প্রদীপ সরদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উৎপল দত্ত সহ এলাকার অন্যান্য নেতৃত্ববৃন্দ। শিবির ঘুরে দেখেন তাঁরা এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথাও শোনেন।
প্রদীপ সরদার জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। সরকারি পরিষেবা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে সহজে পৌঁছায়, সেই উদ্দেশ্যেই এই ধরনের জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার মানুষের সুবিধার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অন্যদিকে শিবিরে আসা বহু মানুষ এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের বক্তব্য, এক জায়গায় এতগুলি পরিষেবা পাওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার বয়স্ক ও অসহায় মানুষদের জন্য এই শিবির যথেষ্ট উপকারী হয়েছে বলে মত স্থানীয়দের।
এদিনের এই জনকল্যাণ শিবিরকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলেও যথেষ্ট সাড়া পড়েছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের শিবির আয়োজনের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।
