কুলতলীতে ফের বাঘের হামলার আতঙ্ক, ১৫ দিনে নিহত ৪ কাঁকড়া শিকারি
- জেলার চালচিত্র | Jun 06, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার কুলতলী এলাকায় গত ১৫ দিনের মধ্যে একের পর এক বাঘের হামলায় প্রাণ হারালেন ৪ জন কাঁকড়া শিকারি। সুন্দরবনের জঙ্গল এলাকায় জীবিকার তাগিদে কাঁকড়া ধরতে গিয়ে এই মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছে বলে জানা গিয়েছে।
নিহতদের মধ্যে দুই জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁরা হলেন —
* গোপাল চক্রবর্তী (২৫)
* রামপ্রসাদ বাদানি (৪৭)
অন্যদিকে, বাঘের হামলায় নিহত আরও দুই জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের নাম —
* গোপাল নস্কর
* গোষ্ঠ বিহারী জানা (৬০)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত গোপাল নস্করের পরিবার অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে রয়েছে। তাঁর স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা এবং পরিবারে আরও দুই সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে গভীর সংকটে পড়েছে পরিবারটি।

নিজস্ব চিত্র
এই পরিস্থিতিতে নিহতদের পরিবারের পাশে দাঁড়ান প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী, কুলতলীর প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদার এবং সিপিআইএম নেতা সাম্য গাঙ্গুলী।
তাঁরা নিহত পরিবারগুলির বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি এক মাসের খাদ্যসামগ্রী, চাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এছাড়াও নিহতদের ছেলে-মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তাঁরা।
এদিকে, স্থানীয়দের একাংশের অভিযোগ, এত বড় দুর্ঘটনার পরেও এখনও পর্যন্ত এলাকার কোনও বর্তমান বিধায়ক, সাংসদ কিংবা প্রশাসনের উচ্চপদস্থ প্রতিনিধি নিহত পরিবারগুলির সঙ্গে দেখা করতে আসেননি। ফলে ক্ষোভ বাড়ছে এলাকায়।
সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে জীবিকার সন্ধানে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে প্রবেশ করেন বহু মানুষ। বারবার বাঘের হামলায় মৃত্যুর ঘটনা সামনে এলেও পর্যাপ্ত নিরাপত্তা ও বিকল্প জীবিকার দাবিতে ফের সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
