অগ্নি নিরাপত্তা নেই আশেপাশের অনেক গোডাউনে, ক্ষোভ কর্মীদের
- ফ্যাক্ট ফাইল | Jan 29, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :- গত রবিবার গভীর রাতে নাজিরাবাদের দু’টি গুদামে আগুন লাগে। ভিতরে পুড়ে মৃত্যু হয় বহু শ্রমিকের। দু’টি গুদামেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ছিল না বলে দাবি। এমনকী ফায়ার অডিটও হয়নি বলে দমকল সূত্রে জানানো হয়। ওই দু’টি গুদাম ছাড়াও ওই এলাকায় পর পর বিভিন্ন কোম্পানির প্রচুর গুদাম রয়েছে। ঘটনার পর আশেপাশের গুদামগুলিতে খোঁজ করতে গিয়ে দেখা যায়, বহু গুদামেই অগ্নি নিরাপত্তা নেই। কিছু গুদামে নিরাপত্তার ব্যবস্থা সামান্যই।

নিজস্ব চিত্র
পাশেই গাড়ির সরঞ্জামের গুদামের ম্যানেজার শুভ সাহা স্বীকার করে নেন, “আমাদের গুদামে কোনও অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। কোম্পানি ভাড়া নিয়ে চালাচ্ছে। তারাও কিছু করেনি। মালিকও কোনও ব্যবস্থা নেয় না। প্রশাসনের তরফেও এ দিকে নজর দেওয়া হয় না। আমরা কর্মীরা যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করি।”ওই এলাকায় পরপর বহু ডেলিভারি সংস্থার গুদাম রয়েছে। এমনকী কয়েক মিনিটে ডেলিভারি দেয় এমন নানা সংস্থার মাল মজুত রাখার গুদামও রয়েছে। এরকমই এক গুদামে ঢুকে দেখা গেল, নানা ধরনের মালে ঠাসা। ভিতরে চূড়ান্ত ব্যস্ততা। বহু ছেলে-মেয়ে কাজ করছেন। কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা? ম্যানেজার জানালেন, আগুন নেভানোর জন্য শুধু কিছু সিলিন্ডার আছে।পুরনো গাড়ির একটি শোরুমেও অগ্নি নিরাপত্তার কোনও চিহ্নই চোখে পড়ল না। অথচ সেখানেই দেখা গেল আগুন জ্বালিয়ে কাজ হচ্ছে।
