Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন, তরুণ প্রতিভাদের স্বপ্নপূরণের নতুন মঞ্চ   •   সুন্দরবন আদর্শ বিদ্যাপীঠে একান্ন দুর্গার খুঁটি পুজো, রাখিবন্ধনে সম্প্রীতির বার্তা   •   কাঁথিতে অন্নপূর্ণা যোজনার সহায়তা ঘিরে স্বস্তি, উপভোক্তাদের পাশে থাকার বার্তা   •   প্রতিষ্ঠা দিবসে রাখিবন্ধন উৎসব, ঐক্য-সম্প্রীতির বার্তা কুণাল ঘোষের; পুলিশকে নিশানা মমতার   •   শেষ পর্যন্ত ভারতকে রুখে দিল শ্রীলঙ্কা, পঞ্চম দিনে ত্রাতা সোনাল দিনুশা   •   নেপালে গিয়ে নিখোঁজ সোনারপুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চীন সীমান্তে থাকার কথা জানিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন

নেপালে গিয়ে নিখোঁজ সোনারপুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চীন সীমান্তে থাকার কথা জানিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন

28 Aug 2026
08:20 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক : নেপাল ভ্রমণে গিয়ে নিখোঁজ সোনারপুরের বৈকুণ্ঠপুরের বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুন্ডু। নেপাল-চিন সীমান্ত সংলগ্ন এলাকায় থাকার কথা পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তিনি। এরপরই নেপালে ভয়াবহ দুর্যোগের খবর সামনে আসে। শেষবার পরিবারের সঙ্গে যোগাযোগের পর থেকে তাঁর সঙ্গে আর কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে তাঁর পরিবার। 

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুন্ডু। তাঁর স্বামী শুভ্রজিৎ সিংহরায় পেশায় ব্যাঙ্ককর্মী। সোনারপুরের বৈকুণ্ঠপুরে স্বামী, মা-বাবা এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর পরিবার। ভ্রমণের প্রতি বিশেষ আগ্রহ ছিল লোপামুদ্রার। প্রতি বছরই বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোতেন তিনি। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ অগস্ট ‘চলো যাই’ নামে একটি ভ্রমণ সংস্থার ৩২ জনের দলের সঙ্গে নেপালের উদ্দেশে রওনা দেন লোপামুদ্রা। নেপালে পৌঁছনোর পর নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। ২৬ অগস্ট সকালে পরিবারের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। সেই সময় তিনি জানিয়েছিলেন, তাঁরা চীন সীমান্ত সংলগ্ন একটি এলাকায় রয়েছেন এবং সেখানে মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। 

এরপর নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের খবর ছড়িয়ে পড়ে। সেই পরিস্থিতির মধ্যেও পরিবারের সঙ্গে আরও একবার যোগাযোগ করে লোপামুদ্রা তাঁদের চিন্তা না করার কথা জানান বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। কিন্তু সেই কথোপকথনের পর থেকেই তাঁর মোবাইল ফোনে আর যোগাযোগ করা যাচ্ছে না। 

নেপাল-চিন সীমান্তবর্তী এলাকায় দুর্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। লোপামুদ্রার শেষ জানা অবস্থান সম্পর্কে পরিবারের তরফে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। তাঁর অবস্থান সম্পর্কে কোনও নির্ভরযোগ্য খবরের অপেক্ষায় রয়েছে পরিবার। 

এদিকে, নেপালের ভয়াবহ দুর্যোগের পর পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর সামনে এসেছে। ফলে নিখোঁজ পর্যটকদের পরিবারগুলির মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। লোপামুদ্রা কুন্ডুর দ্রুত সন্ধান পাওয়ার আশায় অপেক্ষা করছে সোনারপুরের বৈকুণ্ঠপুরের পরিবার। 

news home ads