নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- উত্তরবঙ্গের সাম্প্রতিক ভয়াবহ বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গে পৌঁছবেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সরাসরি কথা বলবেন শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ারও কর্মসূচি রয়েছে তাঁর। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালেও যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরেও প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী— দুই পক্ষই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ ও ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেই দিকেও নজর রয়েছে প্রশাসনের।