নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ব্যারাকপুর-২ ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশন পরিচালিত মুখবধির বিদ্যালয়ে একদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানের আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। গ্রামীণ এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানকে ঘিরে পরিবেশ সচেতনতার পাশাপাশি তৈরি হয় এক আধ্যাত্মিক ও মানবিক আবহ। আশ্রমে উপস্থিত ভক্তদের সঙ্গে সাধু-মহারাজদের আন্তরিক মেলবন্ধন ঘটে। সাধুসঙ্গ, আধ্যাত্মিক আলোচনা এবং মহারাজদের আশীর্বাদে অনুষ্ঠানটি পায় বিশেষ মাত্রা।
পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষের নেতৃত্বে গ্রামীণ উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি পরিবেশ ও সামাজিক সচেতনতার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি পঞ্চায়েত ব্যবস্থায় গতি আনা, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়ে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি।
প্রকৃতি রক্ষা, সবুজায়ন এবং আধ্যাত্মিক মূল্যবোধকে একসূত্রে বেঁধে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় মানুষ ও আশ্রমপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। পরিবেশ রক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার এমন উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার বার্তা উঠে আসে অনুষ্ঠান থেকে।