নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরের মতবিরোধ এবার প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলীয় ভাঙন ও বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি।
সম্প্রতি দলের একাংশের বিক্ষোভ ও অসন্তোষকে ঘিরে ক্ষোভ উগরে দিয়ে কল্যাণ ব্যানার্জি সরাসরি আক্রমণ শানান কয়েকজন সাংসদের বিরুদ্ধে। তিনি নাম না করে দলের বিক্ষুব্ধ শিবিরকে “বেইমান” বলে কটাক্ষ করেন। রাজনৈতিক মহলের মতে, তাঁর নিশানায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাংশের নেতারা।
এছাড়াও, দলের অভ্যন্তরে ঋতব্রত শিবিরের কার্যকলাপ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কল্যাণ ব্যানার্জি। সূত্রের খবর, বিষয়টি নিয়ে তিনি দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছেও আর্জি জানিয়েছেন। দলবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদনও করেছেন বলে রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, শাসকদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। যদিও দলীয় নেতৃত্বের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কোনও মন্তব্য করা হয়নি।
রাজ্যের রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে— লোকসভা ভোটের আগে তৃণমূলের অন্দরের এই অসন্তোষ ভবিষ্যতে কতটা প্রভাব ফেলতে পারে।