Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নারকেল গাছের কাজে দুর্ঘটনা হলে মিলতে পারে ৭ লক্ষ টাকা, কীভাবে পাবেন বীমার সুবিধা?   •   বর্ণপুর বাসস্ট্যান্ডে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা   •   ভারত-রাশিয়া-চীন একসঙ্গে কাজ করলে বিশ্বে স্থিতিশীলতা বাড়বে: দিলীপ ঘোষ   •   বাগুইআটির গণেশপুজোর মণ্ডপে বাংলার শিল্পসত্তার ছোঁয়া, প্রশংসায় দিলীপ ঘোষ   •   জলঘাটতি অঞ্চলে বেড পদ্ধতিতে মসুর চাষ, কম জল ও খরচে বাড়তে পারে ফলন   •   বেড পদ্ধতিতে ধানের চাষে জল সাশ্রয়, কমছে চিটা—বাড়ছে ফলন

নিউ আলিপুরে গণেশ পুজোর উদ্বোধনে শমীক ভট্টাচার্য, বাংলায় শিল্প ও কর্মসংস্থানের দাবিতে সরব

14 Sep 2026
05:41 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কলকাতার নিউ আলিপুরে টেন্ডার এজ স্পোর্টস কনফেডারেশনের উদ্যোগে আয়োজিত সিদ্ধিদাতা শ্রীশ্রী গণেশ পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পূজার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলায় শিল্প, বাণিজ্য এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

শমীক ভট্টাচার্য বলেন, বাঙালির সঙ্গে গণেশ দেবতার পরিচয় মূলত দুর্গাপুজোর সময় এবং পরে পয়লা বৈশাখের হালখাতার মাধ্যমে। তাঁর কথায়, বাঙালির কাছে গণপতি বাণিজ্যের প্রতীক ও কার্যত ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’। তাই এবারের গণেশ পুজোয় তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে সকলের কাছে আবেদন জানান, গণপতি দেবতার কাছে যেন পশ্চিমবঙ্গে বাণিজ্য ও শিল্পের প্রসারের জন্য প্রার্থনা করা হয়।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন শিল্প নিয়ে আসা প্রয়োজন। শিল্পের অনুকূল পরিবেশ তৈরি না হলে রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শমীক ভট্টাচার্যের দাবি, একসময় শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে দেশের অন্যতম অগ্রণী রাজ্য ছিল পশ্চিমবঙ্গ। বর্তমানে সেই অবস্থান থেকে রাজ্য অনেকটাই পিছিয়ে পড়েছে। তাঁর বক্তব্যে রাজ্য থেকে শ্রমিক ও মেধার বাইরে চলে যাওয়ার বিষয়টিও উঠে আসে।

তিনি বলেন, বাংলার শ্রমিকরা কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। এমনকি বাংলার কৃষকরাও অন্য রাজ্যে ধান কাটার কাজে যেতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন তিনি। একইসঙ্গে রাজ্যের মেধা ও দক্ষ মানবসম্পদ অন্যত্র চলে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্য সভাপতি।

বক্তব্যের শেষ পর্বে শমীক ভট্টাচার্য বাংলায় পরিবর্তনের আশার কথা তুলে ধরে বলেন, দীর্ঘ সময় পর রাজ্যে নতুন সরকারের মাধ্যমে নতুন সম্ভাবনার দরজা খুলেছে। শিল্প ও কর্মসংস্থানকে কেন্দ্র করে নতুন দিশা তৈরি করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গণেশ পূজার মঞ্চ থেকেই তাঁর আবেদন, বাংলায় শিল্প ও বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সকলে যেন গণপতি দেবতার কাছে প্রার্থনা করেন। পাশাপাশি সরকারের পাশে থেকে রাজ্যের উন্নয়নে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

news home ads