নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ক্ষুদ্র এক জীবাণুর বিরুদ্ধে লড়াইটা বড়—এই বার্তা সামনে রেখে খড়্গপুরে যক্ষ্মা নির্মূল নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হল। রশ্মি গ্রুপের CSR প্রকল্পের উদ্যোগে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি (NTEP) ২০২৬-এর অংশ হিসেবে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিল্পাঞ্চল হিসেবে খড়্গপুরে রশ্মি গ্রুপের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এই সংস্থা এলাকার বহু মানুষের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যক্ষেত্রেও রশ্মি গ্রুপের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান।
কর্মসূচিতে যক্ষ্মা রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সঠিক সময়ে যক্ষ্মা শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। তাই রোগের লক্ষণ দেখা দিলে কোথায় যেতে হবে, কীভাবে রোগ নির্ণয় করা সম্ভব এবং চিকিৎসার মাধ্যমে কীভাবে যক্ষ্মার মোকাবিলা করা যায়—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
‘টিবি মুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে দিলীপ ঘোষও এই উদ্যোগকে স্বাগত জানান এবং যক্ষ্মার বিরুদ্ধে সামাজিকভাবে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানান।
রশ্মি গ্রুপের পক্ষ থেকে ভবিষ্যতে যক্ষ্মা শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে। শিল্পাঞ্চল খড়্গপুরে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।