নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: দীর্ঘ প্রায় ২০ বছর পর ফের রূপনারায়ণপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় বাজারের দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
এবারের নির্বাচনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি, সম্পাদক-সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধি পদেও প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।
জানা গিয়েছে, ২০০৬ সালে শেষবার রূপনারায়ণপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর অন্তর নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের কথা থাকলেও পরবর্তীকালে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
দীর্ঘ বিরতির পর ফের নির্বাচনের আয়োজন হওয়ায় খুশি বাজারের ব্যবসায়ী ও দোকানদাররা। তাঁদের আশা, নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও বাজার সংক্রান্ত বিষয়গুলি আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।
পুলিশ প্রশাসনের নজরদারিতে ভোটগ্রহণ প্রক্রিয়া চলায় কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হবে বলেই আশা করছেন ব্যবসায়ী মহলের একাংশ।