নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল বহুচর্চিত গুন্ডাদমন বিল। সরকারি সম্পত্তি নষ্ট, আন্দোলনের নামে ভাঙচুর এবং সংগঠিত গুন্ডামির বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নতুন এই আইনে স্পষ্ট জানানো হয়েছে, আন্দোলনের নামে আইন হাতে তুলে নিয়ে সরকারি বা জনসাধারণের সম্পত্তি নষ্ট করলে আর কোনও রেয়াত করা হবে না।
বিল অনুযায়ী, ভাঙচুর বা হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের জন্য তাদের সম্পত্তি বাজেয়াপ্ত বা বিক্রিও করা হতে পারে। সরকারের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করতেই এই আইন আনা হয়েছে।
বিরোধীদের একাংশ অবশ্য এই বিলকে “অতিরিক্ত কঠোর” বলে কটাক্ষ করেছে। তাদের অভিযোগ, বিরোধী আন্দোলন দমাতেই এই বিল ব্যবহার হতে পারে। যদিও সরকারের তরফে দাবি করা হয়েছে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের উপর কোনও আঘাত নয়, শুধুমাত্র গুন্ডামি ও ভাঙচুর রুখতেই এই আইন কার্যকর হবে।
বিল পাসের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। একদিকে সরকারের কড়া বার্তাকে সমর্থন করছেন অনেকে, অন্যদিকে বিরোধীদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছে এই আইনের অপব্যবহার নিয়ে।