নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক: রবিবার সকালে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের চৌরঙ্গীমোড় এলাকায় আসানসালগামী সার্ভিস রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি লরি ক্ষতিগ্রস্ত হয় এবং একটি লরির চালক ও খালাসি গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গুয়াহাটি থেকে আসানসোলের দিকে যাচ্ছিল কলাবোঝাই একটি লরি। চৌরঙ্গীমোড়ের কাছে সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা আরেকটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে কলাবোঝাই লরিটি।
ধাক্কার তীব্রতায় কলাবোঝাই লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। লরির কেবিনে থাকা খালাসি বেশ কিছুক্ষণ আটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এবং জাতীয় সড়কের পেট্রোলিং টিম। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত চালক ও খালাসিকে লরি থেকে বের করা হয়।
পরে পুলিশের অ্যাম্বুলেন্সে তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
অন্যদিকে, ধাক্কার জেরে সামনে দাঁড়িয়ে থাকা লরিটিও রাস্তা থেকে নিচে নেমে যায়। ওই লরির চালক অল্পবিস্তর আহত হলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত দুটি লরি সরিয়ে ফেলা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং রাস্তায় যান চলাচল পুনরায় শুরু হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।