নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক: কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দীঘা থানায় মাঝ সমুদ্রে দুর্ঘটনাগ্রস্ত ‘জয় মা কালী’ ট্রলারের মৃত ৯ জন মৎস্যজীবীর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।
মৃত মৎস্যজীবীদের পরিবারগুলির প্রত্যেকের একজন সদস্যের হাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হোম গার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলির পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।
নিহত মৎস্যজীবীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে সরকার ও প্রশাসন রয়েছে। পরিবারের একজন সদস্যকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার এই উদ্যোগ তাঁদের ভবিষ্যৎ জীবনে কিছুটা সহায়তা করবে বলেও জানান তিনি।
‘জয় মা কালী’ ট্রলার দুর্ঘটনায় ৯ জন মৎস্যজীবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল মৎস্যজীবী পরিবারগুলিতে। তাঁদের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার ঘটনায় স্বজনহারা পরিবারগুলির মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
এদিনের কর্মসূচি থেকে নিহত মৎস্যজীবীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে মৎস্যজীবীদের নিরাপত্তা ও তাঁদের পরিবারের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপের দাবি ওঠে।