পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবার বিজেপির দখলে, নতুন সভাধিপতি বামদেব গুছাইত

22 Jun 2026
07:25 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে বড় রাজনৈতিক পালাবদল ঘটল। দীর্ঘদিনের তৃণমূলের দখল থাকা জেলা পরিষদ এবার বিজেপির নিয়ন্ত্রণে চলে গেল। নতুন সভাধিপতি হিসেবে নির্বাচিত হলেন বামদেব গুছাইত। সহকারি সভাধিপতি পদে নির্বাচিত হয়েছেন বাঁশুরি পণ্ডিত।

জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৭০। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন ৫৬ জন এবং বিজেপির সদস্য সংখ্যা ছিল ১৪। যদিও দুই সদস্যের মৃত্যু হওয়ায় বর্তমানে কার্যকর সদস্য সংখ্যা দাঁড়ায় ৬৮। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহকারি সভাধিপতি সুহাসিনী কর ইস্তফা দেন। এরপরই নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সাধারণসভা আহ্বান করা হয়।

আজ অনুষ্ঠিত সাধারণসভায় উপস্থিত ছিলেন ৬৪ জন সদস্য। সভায় জেলা পরিষদের বিরোধী দলনেতা জয়দেব মিদ্যা সভাধিপতি পদে বামদেব গুছাইতের নাম প্রস্তাব করেন। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব সমর্থন করেন। অন্যদিকে পূর্ণিমা দাস সহকারি সভাধিপতি পদে বাঁশুরি পণ্ডিতের নাম প্রস্তাব করেন এবং তাতেও সম্মতি জানান উপস্থিত সদস্যরা।

নির্বাচনের পর জেলা পরিষদের সতীশচন্দ্র সামন্ত সভাকক্ষে নবনির্বাচিত সভাধিপতি ও সহকারি সভাধিপতিকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর জেলা পরিষদ চত্বরে শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের উল্লাস। আতসবাজি, ঢাক-বাদ্য এবং আবির খেলায় উৎসবের আবহ তৈরি হয়।

এদিন উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও। বিজেপি নেতৃত্বের দাবি, কেন্দ্র, রাজ্য, জেলা পরিষদ, সাংসদ ও বিধায়ক—সব স্তরেই বিজেপির প্রতিনিধিত্ব থাকায় এবার “ডবল ইঞ্জিন” নয়, “পঞ্চম ইঞ্জিনের” উন্নয়ন হবে পূর্ব মেদিনীপুরে।

রাজনৈতিক মহলের মতে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে এই পরিবর্তন আগামী দিনের জেলা রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কাঁথি ও তমলুক মহকুমা এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হওয়ার ইঙ্গিত মিলছে এই ঘটনাকে কেন্দ্র করে।