নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : দুর্গাপূজার প্রাক্কালে বর্ণিল সাজে সেজে উঠেছে তিলোত্তমা কলকাতা। গড়িয়াহাট ব্রিজকে রঙিন আলো ও আকর্ষণীয় সাজসজ্জায় নতুন রূপ দেওয়া হয়েছে। একইভাবে রেড রোড, বাগবাজার ঘাট-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। পার্ক সার্কাস সেভেন পয়েন্টে দৃষ্টিনন্দন বিশাল আলপনা শহরের সৌন্দর্যে যোগ করেছে এক বিশেষ মাত্রা। বাংলার শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার অনন্য প্রকাশ হয়ে উঠেছে এই নান্দনিক উদ্যোগ।
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় কলকাতার সৌন্দর্যায়ন এবং দুর্গাপূজার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এই উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছে বলে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, উৎসবের মরশুমে কলকাতাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার পাশাপাশি নাগরিকদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য।
দুর্গাপূজা বাংলার আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, সেতু, ঘাট ও জনবহুল এলাকাগুলিকে নান্দনিকভাবে সাজিয়ে তোলার মাধ্যমে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলার প্রচেষ্টা চলছে। বিশেষ করে পার্ক সার্কাসের বিশাল আলপনা শহরের শিল্পচর্চা ও বাঙালির সৃজনশীল মানসিকতার এক সুন্দর প্রতিফলন।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানান, নাগরিকদের ভালোবাসা, সহযোগিতা ও আস্থা তাঁদের কাছে অত্যন্ত মূল্যবান। সেই আস্থার মর্যাদা রক্ষা করে আগামী দিনেও কলকাতার সৌন্দর্য বৃদ্ধি, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং শহরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে।
উৎসবের আলোয় নতুন রূপে সেজে ওঠা কলকাতা আবারও তুলে ধরছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির গৌরব। দুর্গাপূজার আনন্দের সঙ্গে শহরের সৌন্দর্যায়নের এই উদ্যোগ তিলোত্তমাকে আরও আকর্ষণীয় করে তুলবে—এমনটাই প্রত্যাশা শহরবাসীর।