নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কলকাতায় “Enhancing Universal Accessibility During Cultural Festivals – Durga Puja in Kolkata” শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুজোসহ বিভিন্ন সাংস্কৃতিক উৎসবকে সমাজের সকল মানুষের জন্য আরও সহজলভ্য, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার বিষয়টি নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক, শিশু এবং গর্ভবতী মহিলাদের মতো বিশেষ প্রয়োজনসম্পন্ন মানুষদের উৎসবে অংশগ্রহণ আরও সহজ করে তুলতে Standard Operating Procedures (SOPs) নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরি করা।
অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল বলেন, দুর্গাপুজো বাংলার সকল মানুষের উৎসব। তাই সমাজের প্রত্যেক মানুষের যাতে পুজোর আনন্দ ও উদযাপনে সমানভাবে অংশগ্রহণের সুযোগ থাকে, তা নিশ্চিত করা প্রয়োজন। পুজোমণ্ডপ, প্রবেশপথ, যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য পরিষেবাকে আরও নিরাপদ ও সহজলভ্য করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রতিবন্ধী ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের পাশাপাশি শিশু এবং গর্ভবতী মহিলাদের কথা মাথায় রেখে উৎসবস্থলে প্রয়োজনীয় পরিকাঠামো ও পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। একটি উৎসব তখনই সকলের হয়ে ওঠে, যখন প্রত্যেকে নিরাপদ, স্বচ্ছন্দ ও সম্মানের সঙ্গে সেখানে অংশ নিতে পারেন—এই ভাবনাকেই সামনে রেখে অনুষ্ঠানে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
দুর্গাপুজোর মতো বৃহৎ সাংস্কৃতিক উৎসবে Universal Accessibility নিশ্চিত করতে প্রশাসন, পুজো কমিটি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।