নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: সভার জন্য প্রশাসনের অনুমতি পাওয়ার পরও শেষ মুহূর্তে তা বাতিল করার অভিযোগকে কেন্দ্র করে মেমারিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মেমারি-২ সাতগাছিয়া এরিয়া কমিটির উদ্যোগে আগামী ২২ সেপ্টেম্বর শতরূপ ঘোষের জনসভা আয়োজনের কথা ছিল।
উদ্যোক্তাদের দাবি, সভার অনুমতি চেয়ে গত ৭ সেপ্টেম্বর মেমারি থানায় লিখিত আবেদন করা হয়েছিল। এরপর ৯ সেপ্টেম্বর এসডিও দফতর থেকে সভার অনুমতিও পাওয়া যায় বলে দাবি তাঁদের। কিন্তু সভার ঠিক আগের দিন, ২১ সেপ্টেম্বর সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ মেমারি থানার পক্ষ থেকে সভা বাতিলের নোটিশ দেওয়া হয় বলে অভিযোগ।
শেষ মুহূর্তে সভা বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আয়োজকরা। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্ব তাপস চ্যাটার্জী এবং মেমারি-২ সাতগাছিয়া এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে তাঁরা দাবি করেন, প্রশাসনের অনুমতি পাওয়ার পরও কেন সভার একদিন আগে তা বাতিল করা হল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের বক্তব্য, সভা করার জন্য সমস্ত নিয়ম মেনে অনুমতি চাওয়া হয়েছিল এবং অনুমতিও মিলেছিল।
দলীয় নেতৃত্ব আরও জানান, আগামী দিনে ওই একই স্থানে সভা করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে আইনি পথে গিয়ে হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করা হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।