নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কৃষিক্ষেত্রে মহিলাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের আরও উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আয়োজন করা হল বীরভূমে। আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ উপলক্ষে রাজ্য সরকারের কৃষি দপ্তরে কর্মরত কৃষি প্রযুক্তিবিদদের সংগঠন সাটসা, পশ্চিমবঙ্গের বীরভূম জেলা শাখার উদ্যোগে ময়ূরেশ্বর-২ ব্লকের কোটাসুরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল-সহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন সাটসার রাজ্য সভাপতি সন্দীপ্ত দাস, রাজ্য সম্পাদক দুলাল বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী সাটসার এই উদ্যোগের প্রশংসা করেন। মহিলা কৃষকদের সম্মান জানানো এবং তাঁদের কৃষিকাজে আরও উৎসাহিত করার লক্ষ্যে সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। কৃষিক্ষেত্রে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন মহিলা কৃষক এই কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে প্রত্যেক মহিলা কৃষকের হাতে দুটি করে ফলের চারা এবং একটি করে মিশ্র সবজির বীজের প্যাকেট তুলে দেওয়া হয়।
আয়োজকদের বক্তব্য, কৃষিকাজের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং পুষ্টিকর সবজি উৎপাদনে মহিলা কৃষকদের আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ। ফলের চারা ও সবজির বীজ বিতরণের মাধ্যমে কৃষকদের স্বনির্ভরতা বৃদ্ধির পাশাপাশি বাড়ির আঙিনায় পুষ্টিকর খাদ্য উৎপাদনের বার্তাও দেওয়া হয়।
এদিন বীরভূম জেলার পাঁচজন কৃতী কৃষক-কন্যাকেও বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। তাঁদের সাফল্য ও কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়।
মহিলা কৃষকদের সম্মাননা, চারা ও বীজ বিতরণ এবং কৃতী কৃষক-কন্যাদের সংবর্ধনার মধ্য দিয়ে এদিনের কর্মসূচি কৃষিক্ষেত্রে মহিলাদের ভূমিকার গুরুত্বকে আরও একবার সামনে তুলে ধরল।