নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে হিরাপুর থানায় এফআইআর দায়ের করল ভারতীয় জনতা যুব মোর্চা। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় সংগঠনের জেলা সভাপতি অভিক কুমার মণ্ডলের নেতৃত্বে যুব মোর্চার একটি প্রতিনিধি দল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগকারীদের দাবি, প্রসঞ্জিত পুইটণ্ডি নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাবা বাগেশ্বর ধামের ছবি এবং ধর্মীয় প্রতীক ব্যবহার করে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে। তাঁদের বক্তব্য, এই ধরনের আচরণে সনাতনী সমাজের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে হিরাপুর থানার ওসির কাছে দ্রুত তদন্তের আবেদন জানানো হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যুব মোর্চা।
যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় প্রতীক ও বিশ্বাসকে অবমাননা করার অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা উচিত। একইসঙ্গে তাঁরা স্পষ্ট করেছেন, পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিক।
এদিকে, অভিযোগের সত্যতা এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে।