অস্থায়ী শ্রমিকদের কাজের দিন ও বেতন বৃদ্ধির দাবিতে ফলতায় বিক্ষোভ
- ফ্যাক্ট ফাইল | Jun 09, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-দক্ষিণ ২৪ পরগণা জেলার ফলতায় অবস্থিত ডেলটা প্লাস ইন্ডিয়া লিমিটেড কারখানার সামনে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও পর্যাপ্ত কাজের দিন ও উপযুক্ত মজুরি পাচ্ছেন না। কাজের অনিশ্চয়তা এবং কম বেতনের কারণে সংসার চালাতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন বিক্ষোভরত শ্রমিকরা।

বিক্ষোভকারীরা জানান, সপ্তাহে আরও বেশি কাজের সুযোগ, দৈনিক মজুরি বৃদ্ধি এবং শ্রমিকদের জন্য স্থায়ী সুরক্ষা ব্যবস্থা চালুর দাবিতেই এই আন্দোলন। শ্রমিকদের একাংশ কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন এবং দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিক সংগঠনের দাবি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
