আসানসোলে তৃণমূলে ধাক্কা, কাউন্সিলর পদ থেকে ইস্তফা সঞ্জয় নোনিয়ার
- পৌর বার্তা | Jun 09, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। এবার আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় নোনিয়া তাঁর কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন। পাশাপাশি তিনি দল থেকেও সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন।
৮ জুন আসানসোল পুরনিগমের কমিশনারের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে সঞ্জয় নোনিয়া জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। গত কয়েক মাস ধরে চিকিৎসাধীন থাকার কারণে বাবার দেখভাল, হাসপাতালে যাতায়াত এবং পারিবারিক দায়িত্ব সামলাতেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, শুধুমাত্র পারিবারিক কারণ নয়, এর পিছনে অন্য রাজনৈতিক সমীকরণও থাকতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত ও প্রশাসনিক সংস্থায় তৃণমূলের একাধিক জনপ্রতিনিধির পদত্যাগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সক্রিয় মুখ হিসেবে পরিচিত সঞ্জয় নোনিয়ার এই আকস্মিক পদত্যাগে আসানসোলের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও উঠছে নানা প্রশ্ন।

নিজস্ব চিত্র
এখন দেখার, সঞ্জয় নোনিয়ার এই সিদ্ধান্ত শুধুই ব্যক্তিগত কারণে সীমাবদ্ধ থাকে, নাকি আগামী দিনে আসানসোলের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
