খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


আনন্দপুর অগ্নিকাণ্ডে আরও দু’জন গ্রেফতার, মৃত বেড়ে ২৫

  • ফ্যাক্ট ফাইল | Jan 30, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :- আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে গতি বাড়াল পুলিশ। আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন ম্যানেজার মনোরঞ্জন সিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। এর ফলে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। এর আগে ডেকরেটার্স সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত দু’জনকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

                                      নিজস্ব চিত্র
অন্যদিকে ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামছে বিজেপি। হাইকোর্টের নির্দেশে আজ প্রতিবাদ মিছিল ও থানায় ডেপুটেশনের কর্মসূচি রয়েছে। উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল ১১টায় ঢালাই ব্রিজে জমায়েত, সাড়ে বারোটার মধ্যে শুভেন্দু অধিকারীর পৌঁছনোর কথা। সেখান থেকে মিছিল করে কামালগাজি মোড় হয়ে থানায় ডেপুটেশন দেওয়া হবে। রবিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সময় যত এগোচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার সারাদিনে ধ্বংসস্তূপ সরানোর সময় উদ্ধার হয়েছে আরও চারটি দগ্ধ দেহ। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২১। উদ্ধার হওয়া দেহাবশেষ এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্ত করা কার্যত অসম্ভব। ইতিমধ্যেই ১৬ জনের দেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের নিকটাত্মীয়দের থেকে ৩২টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, যা স্টেট ফরেনসিক প্যাথলজি উইং ম্যাপিং করছে।
২৫ জনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র একটি প্রায় পূর্ণাঙ্গ দেহ উদ্ধার সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে মোমো প্রস্তুতকারী সংস্থার কর্মী বলে অনুমান করা হলেও, নিশ্চিত পরিচয়ের জন্য সেই দেহও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বজনহারাদের আর্তনাদে এখনও ভারাক্রান্ত গোটা এলাকা।